কোর্ট বলছে 'আপত্তি নেই', পাসপোর্ট অফিস বলছে 'এক বছর' — মামলা ঝুললে পাসপোর্টের কি হবে?

এবার শিরোনামে পাসপোর্ট। না, পাসপোর্টের লাইনে দাঁড়িয়ে ঘাম ঝরানোর গল্প নয়। এ গল্প সেইসব মানুষের, যাঁদের নামে একটা মামলা ঝুলছে, যাঁরা আদালতে গিয়ে হাতজোড় করে অনুমতি এনেছেন, আর তারপরেও পাসপোর্ট অফিস থেকে শুনেছেন — "হবে না", কিংবা "হবে, কিন্তু এক বছরের জন্য।"
গোড়াতেই একটা কথা বলে রাখি। নিচের মাসিমা আমার বানানো চরিত্র। কোনো চেনা মুখের সঙ্গে মিলে গেলে সেটা নিছক কাকতালীয়। তবে মিলে যাওয়ার সম্ভাবনা ষোলো আনা, কারণ এমন মাসিমা আজ পাড়ায় পাড়ায়।
মাসিমার গল্পটা কি?
বেহালার কল্পনা মাসিমা। বয়স একষট্টি। হাঁটুতে বাত, মুখে হাসি। একমাত্র নাতনি থাকে টরন্টোয়। নাতনির প্রথম জন্মদিন সামনে, মেয়ে ফোনে পই পই করে বলেছে, "মা, এবার আসতেই হবে।"
মুশকিল একটাই। ছেলের সংসারে অশান্তি, বউমা থানায় অভিযোগ করেছে। অভিযোগে ছেলের সঙ্গে মাসিমার নামও আছে। হ্যাঁ, এই একষট্টি বছরের, বাতের ব্যথায় কাবু মানুষটার নামও। আমাদের দেশে এটা নতুন কিছু নয়। ঘরের ঝগড়া থানায় গেলে, গোটা পরিবারের নাম একসঙ্গে কাগজে ওঠে। প্রায় প্যাকেজ ডিলের মতন।
মাসিমা নিয়ম মেনেছেন। প্রতিটা তারিখে কোর্টে হাজিরা দিয়েছেন। জামিন পেয়েছেন। তারপর উকিলের পরামর্শে কোর্টে দরখাস্ত করলেন, "পাসপোর্ট রিনিউ করতে দিন।" কোর্ট কাগজ দেখল, মাসিমার হাজিরার রেকর্ড দেখল, তারপর লিখে দিল — আপত্তি নেই।
মাসিমা সেই অর্ডারের কপি নিয়ে পাসপোর্ট সেবা কেন্দ্রে গেলেন। পুলিশ ভেরিফিকেশন হল। তারপর এল চিঠি। পাসপোর্ট মিলবে, তবে এক বছরের।
মাসিমা চশমাটা নামিয়ে বললেন, "এক বছর? তাহলে পরের বছর আবার কোর্ট, আবার দরখাস্ত, আবার লাইন, আবার পুলিশ? আর মামলা যদি দশ বছর চলে?"
প্রশ্নটা মাসিমার। কিন্তু উত্তরটা আমাদের সবার জানা দরকার।
আইন আসলে কি বলছে?
পাসপোর্ট আইন, ১৯৬৭-এর ৬(২)(চ) ধারা, ইংরেজিতে যাকে বলে Section 6(2)(f), বলছে: ভারতের কোনো আদালতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা চললে পাসপোর্ট কর্তৃপক্ষ পাসপোর্ট দিতে অস্বীকার করবে। কিন্তু ধারাটার শুরুতেই একটা ছোট্ট শর্ত আছে — "আইনের অন্যান্য বিধান সাপেক্ষে"।
সেই "অন্যান্য বিধান"-এর একটা হল ২২ ধারা। কেন্দ্রীয় সরকার চাইলে কোনো ব্যক্তি বা শ্রেণিকে ওই বাধা থেকে ছাড় দিতে পারে।
আর সেই ক্ষমতা খাটিয়েই ১৯৯৩ সালের ২৫ আগস্ট জারি হয়েছিল একটা বিজ্ঞপ্তি, G.S.R. 570(E)। তাতে বলা হল: যাঁর মামলা চলছে, তিনি যদি মামলার আদালতের এমন আদেশ দেখান যাতে পাসপোর্ট দেওয়ার অনুমতি আছে, আর মুচলেকা দেন যে দরকার পড়লেই হাজির হবেন, তাহলে তিনি ওই বাধা থেকে ছাড় পাবেন।
এ পর্যন্ত সব ঠিকঠাক। গোলমালটা পরের লাইনে।
এক বছরটা এল কোথা থেকে?
একই বিজ্ঞপ্তিতে একটা "ডিফল্ট" নিয়ম আছে। কোর্টের আদেশে যদি পাসপোর্টের মেয়াদ লেখা না থাকে, তাহলে পাসপোর্ট দেওয়া হবে এক বছরের জন্য। আর আদেশে যদি এক বছরের বেশি সময় বিদেশ যাওয়ার অনুমতি থাকে কিন্তু মেয়াদ লেখা না থাকে, তাহলে সেই ভ্রমণের সময়টুকুর জন্য। ২০১৯ সালের ১০ অক্টোবরের মন্ত্রকের অফিস মেমোরান্ডামও একই কথা আওড়েছে।
অর্থাৎ এক বছরের নিয়মটা ছিল একটা ফাঁক ভরানোর ব্যবস্থা। যেখানে কোর্ট চুপ, সেখানে একটা আন্দাজ। কিন্তু আন্দাজটাই আজকাল আইন হয়ে দাঁড়িয়েছে। কোর্ট কিছু না লিখলে তো বটেই, অনেক সময় লিখলেও, ফাইল ঘুরে আসে সেই এক বছরের ছাপ নিয়ে।
এই বাধাটা আসলে কেন?
আইনের একটা পুরনো অভ্যেস আছে। প্রতিটা নিয়মের পেছনে একটা "কেন" লুকিয়ে থাকে। সেই "কেন"-টা ভুলে গেলেই নিয়ম অত্যাচার হয়ে যায়।
৬(২)(চ) ধারার "কেন" খুব সোজা। মামলা চলাকালীন অভিযুক্ত যেন দেশ ছেড়ে পালিয়ে বিচারটাকেই ফাঁকি দিতে না পারেন। ব্যাস। এটা কোনো শাস্তি নয়। অভিযুক্ত মানেই দোষী নয়। আইন তাঁকে নির্দোষ ধরেই চলে।
তাহলে প্রশ্ন হল, কে পালাবেন আর কে পালাবেন না, সেটা ঠিক করবে কে? উত্তর: যে আদালত মামলাটা শুনছে। কারণ ফাইলটা তার সামনে। অভিযুক্তকে সে নিজের চোখে দেখেছে। জামিনের শর্ত সে-ই দিয়েছে। আর দরকার হলে কালই পাসপোর্ট জমা রাখার হুকুম দিতে পারে, জামিন বাতিল করতে পারে।
পাসপোর্ট অফিসের কাজ সেই সিদ্ধান্তকে কার্যকর করা। আদালতের উপরে আপিল বসানো নয়।
একটা সহজ উপমা দিই। স্কুলের হেডমাস্টারমশাই লিখে দিলেন, "ছাত্রটি পিকনিকে যেতে পারে।" তারপর দারোয়ান গেটে আটকে বলল, "যেতে পারো, তবে শুধু বাস স্ট্যান্ড পর্যন্ত।" দারোয়ানের কর্তব্যবোধ নিয়ে প্রশ্ন নেই। কিন্তু সিদ্ধান্তটা দেওয়ার মালিক তো সে নয়!
আর একটা কথা। সুপ্রিম কোর্ট সেই ১৯৬৭-র সতওয়ন্ত সিং সাহনি আর ১৯৭৮-এর মানেকা গান্ধী মামলা থেকে বলে আসছে, বিদেশ যাওয়ার অধিকার ২১ অনুচ্ছেদের ব্যক্তিস্বাধীনতার অংশ। সেটা কাড়তে গেলে পদ্ধতিটা হতে হবে ন্যায্য, যুক্তিসঙ্গত। আদালতের অনুমতিকে কার্যত শূন্য করে দেওয়া পদ্ধতি সেই পরীক্ষায় পাস করে না।
এক বছরের পাসপোর্টের আসল খরচ কত?
ধরুন মাসিমার মামলা চলল দশ বছর। আমাদের দেশে দশ বছর কোনো বাড়াবাড়ি নয়, বরং সৌভাগ্য।
দশ বছরের পাসপোর্ট হলে গোটা যন্ত্রটা একবার নড়ে। এক বছরের পাসপোর্ট হলে নড়ে দশবার:
- দশবার কোর্টে দরখাস্ত, শুনানি, তারিখ। উকিলের খরচ, মাসিমার হাঁটুর কষ্ট।
- দশবার অনলাইন ফর্ম আর ফি।
- দশবার পাসপোর্ট সেবা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট আর লাইন।
- দশবার থানার পুলিশ এসে সেই একই মামলার কথা জিজ্ঞেস করবে, যেটা কোর্ট আগে থেকেই জানে।
- দশবার পাসপোর্ট অফিসে একই ফাইল খোলা, প্রিন্ট, পোস্ট।
লাভ কার? কারও না। বিচার একটুও বেশি সুরক্ষিত হল না, কারণ কোর্ট তো যে কোনো দিন পাসপোর্ট জমা রাখার হুকুম দিতে পারত। শুধু চারটে সরকারি দফতরের কাজ দশগুণ বাড়ল। আর মাসিমার নাতনির দ্বিতীয় জন্মদিনটাও সম্ভবত আটকে গেল পরের বছরের ফাইলে।
এটাকে সাবধানতা বলে না। এটাকে বলে, আইনটা কেন তৈরি হয়েছিল সেই প্রশ্নটা করতে ভুলে যাওয়া।
আদালত কি বলছে এ নিয়ে?
এখানে একটা ভালো খবর আর একটা মিশ্র খবর আছে।
ভালো খবর: মহামান্য সুপ্রিম কোর্ট। মহেশ কুমার আগরওয়াল বনাম ভারত সরকার (2025 INSC 1476), রায় ১৯ ডিসেম্বর ২০২৫। কলকাতার রিজিওনাল পাসপোর্ট অফিস এক ভদ্রলোকের পাসপোর্ট রিনিউ আটকে দিয়েছিল, যদিও যে দুটি আদালতে তাঁর মামলা ছিল, তারা অনুমতি দিয়েছিল। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চ বললেন: ৬(২)(চ) কোনো চূড়ান্ত বাধা নয়, এটাকে পড়তে হবে ২২ ধারা আর G.S.R. 570(E)-এর সঙ্গে মিলিয়ে। কলকাতা হাইকোর্টের উল্টো মত খারিজ করে, পুরো দশ বছরের পাসপোর্ট দেওয়ার নির্দেশ দিলেন।
মিশ্র খবর: হাইকোর্টগুলো একমত নয়।
- মহামান্য কলকাতা হাইকোর্ট, অমিত কুমার আগরওয়াল বনাম ভারত সরকার (W.P.A. 9256 of 2026), বিচারপতি কৃষ্ণ রাও, রায় ৫ আগস্ট ২০২৬। বললেন, ফৌজদারি আদালত অনুমতি দিয়ে থাকলে, শুধু মামলা চলছে বলে পাসপোর্ট অফিস নিজে থেকে মেয়াদ এক বছরে বেঁধে দিতে পারে না। নইলে মানুষটাকে বারবার কোর্টে ছুটতে হবে। দশ বছরের পাসপোর্টের নির্দেশ দিলেন।
- মহামান্য এলাহাবাদ হাইকোর্ট, রহিমুদ্দিন বনাম ভারত সরকার (Writ-C No. 34412 of 2025), বিচারপতি অজিত কুমার ও বিচারপতি স্বরূপমা চতুর্বেদীর ডিভিশন বেঞ্চ, রায় ১০ অক্টোবর ২০২৫। বললেন উল্টোটা। কোর্টের আদেশে মেয়াদ লেখা না থাকলে এক বছরের পাসপোর্টই ঠিক, দশ বছর অধিকার হিসেবে চাওয়া যায় না।
মানে, আপনি কোন রাজ্যে থাকেন, তার উপর নির্ভর করছে আপনার পাসপোর্টের মেয়াদ। সুপ্রিম কোর্ট এই বিরোধ না মেটানো পর্যন্ত এমনটাই চলবে। আর যাঁর হাইকোর্টে রিট করার সামর্থ্য নেই, তাঁর জন্য এক বছরই কপাল।
তাহলে কি সবাইকে ঢালাও ছাড় দিতে হবে?
একেবারেই না। কেউ কেউ সত্যিই পালাতে পারেন। বড় আর্থিক প্রতারণার অভিযুক্ত, বিদেশে যাঁর টাকাপয়সা আর ঠিকানা মজুত, কিংবা যিনি আগে কোর্টের তারিখ ফাঁকি দিয়েছেন। সমাজের তাঁদের থেকে সুরক্ষা চাওয়ার অধিকার আছে।
কিন্তু সেই সুরক্ষার চাবি আইন আগেই তুলে দিয়েছে আদালতের হাতে। আদালতের সন্দেহ হলে সে অনুমতি না দিতে পারে, অল্প মেয়াদ বেঁধে দিতে পারে, রিনিউয়ের পর পাসপোর্ট জমা রাখতে বলতে পারে, কিংবা প্রতিবার বিদেশ যাওয়ার আগে আলাদা অনুমতি নিতে বলতে পারে। সুপ্রিম কোর্টের মামলাতেও আদালতগুলো ঠিক তাই করেছিল — রিনিউয়ের অনুমতি দিয়েছিল, কিন্তু বিদেশযাত্রার লাগাম নিজের হাতে রেখেছিল।
পাহারাদারি হবে মানুষটার উপর, বিচারকের নজরে। পাসপোর্টের পাতায় একটা মেয়াদ-শেষের তারিখ বসিয়ে নয়।
মাসিমার মতন কেউ হলে এখন কি করবেন?
আমার নিজের একটা মজার নিয়মাবলী আছে। ধরে নিন, "পাসপোর্ট-পুরাণ, প্রথম খণ্ড":
ধারা ১। কোর্টে দরখাস্ত করার সময় শুধু "রিনিউয়ের অনুমতি" চাইবেন না। চাইবেন "পাসপোর্টের পূর্ণ স্বাভাবিক মেয়াদের জন্য রিনিউয়ে আপত্তি নেই" — ইংরেজিতে যাকে বলে for the full ordinary period of validity। একটা বাক্য। কিন্তু ওই একটা বাক্য এক বছরের ঝামেলা বাঁচায়।
ধারা ২। যত মামলা আছে, যে কোর্টেই থাকুক, সব জানাবেন। একটাও লুকোবেন না। পুলিশ রিপোর্টে লুকোনো মামলা বেরিয়ে পড়াই পাসপোর্ট আটকানোর সবচেয়ে সাধারণ কারণ। আর প্রতিটা কোর্টের অনুমতি লাগবে।
ধারা ৩। পাসপোর্ট অফিস আপত্তির চিঠি পাঠালে, লিখিত উত্তর দিন। সঙ্গে কোর্টের আদেশের সার্টিফায়েড কপি আর G.S.R. 570(E)-অনুযায়ী মুচলেকা দেওয়ার প্রস্তাব। এতে একটা রেকর্ড তৈরি থাকে।
ধারা ৪। তারপরেও পাসপোর্ট না দিলে, বা বিনা কারণে এক বছরে কেটে দিলে, রাস্তা হল হাইকোর্টে ২২৬ অনুচ্ছেদে রিট। পশ্চিমবঙ্গে অমিত কুমার আগরওয়াল মামলাটা ঠিক এই প্রশ্নেই।
ধারা ৫। পুলিশ ভেরিফিকেশন কোর্টের আদেশকে খারিজ করে না। পুলিশ রিপোর্ট শুধু জানায় যে মামলা চলছে। মামলার কোর্ট অনুমতি দিয়ে থাকলে, মামলা চলাটা আর বাধা নয়।
আর যাঁরা নিয়ম বানান, তাঁদের জন্য একটা ছোট্ট প্রস্তাব। বিদেশ মন্ত্রক একটা পরিষ্কার নির্দেশ দিক: কোর্ট আপত্তি নেই বলে থাকলে আর নিজে মেয়াদ না কমালে, পাসপোর্ট দেওয়া হোক পুরো মেয়াদের জন্য, কোর্টের শর্তগুলো ফাইলে লিখে রেখে। এক বছরের নিয়মটা খাটুক শুধু তখন, যখন কোর্ট নিজে সেটা চাইবে। দেখবেন, অর্ধেক রিট পিটিশন রাতারাতি উধাও।
মোদ্দা কথা
আইন তৈরি হয় সমাজে শৃঙ্খলা রাখতে, ভারসাম্য নষ্ট করতে নয়। পাসপোর্ট আইন একটাই প্রশ্ন করে: মানুষটা ফিরে আসবেন তো? সেই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব আইন দিয়েছে আদালতকে। আদালত উত্তর দিয়ে দিলে, অফিসের কাজ সেটা মেনে নেওয়া। পুরো মেয়াদের জন্য।
কল্পনা মাসিমা সব নিয়ম মেনেছিলেন। কোর্টে গিয়েছিলেন, কোর্ট হ্যাঁ বলেছিল। তারপরেও যদি তাঁকে প্রতি বছর একই চক্করে ঘুরতে হয়, তাহলে দোষটা আইনের নয়। দোষটা আইন পড়ার চশমার।
আর নাতনির জন্মদিনের কেক? সেটা প্রতি বছর অপেক্ষা করবে না, মাসিমা।
সূত্র
- পাসপোর্ট আইন, ১৯৬৭ — ধারা ৬(২)(চ) ও ২২
- বিজ্ঞপ্তি G.S.R. 570(E), তারিখ ২৫ আগস্ট ১৯৯৩; বিদেশ মন্ত্রকের অফিস মেমোরান্ডাম, ১০ অক্টোবর ২০১৯ (Passport Seva পোর্টাল)
- Mahesh Kumar Agarwal v. Union of India, 2025 INSC 1476, সুপ্রিম কোর্ট, ১৯ ডিসেম্বর ২০২৫
- Amit Kumar Agarwal v. Union of India, W.P.A. 9256 of 2026, কলকাতা হাইকোর্ট, ৫ আগস্ট ২০২৬
- Rahimuddin v. Union of India, Writ-C No. 34412 of 2025 (2025:AHC:181505-DB), এলাহাবাদ হাইকোর্ট, ১০ অক্টোবর ২০২৫
এই লেখা সাধারণ তথ্যের জন্য, কোনো আইনি পরামর্শ নয়।
Copyright © Jewel Chanda
